পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাসস
রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় অস্থায়ী গবাদী পশুর হাট পরিচালনার ফলে সৃষ্ট সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। গতকাল বুধবার ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে, উত্তরা দিয়াবাড়ি ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউ বাজার এলাকার খালি জায়গা এবং মেট্রোরেলের পার্শ্ববর্তী ১৮ নম্বর সেক্টরের সি-ব্লকের খালি মাঠে অস্থায়ী গবাদী পশুর হাট পরিচালনার সময় উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের নিচে ও আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা সৃষ্টিসহ গাছপালা ভাঙচুর এবং পশুবাহী যানবাহন চলাচলের কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএনসিসির অতিরিক্ত প্রধান র্বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন অঞ্চল-৬ এর নির্বাহী প্রকৌশলী এবং সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব), অঞ্চল-৬, ডিএনসিসি। অফিস আদেশ অনুযায়ী, কমিটিকে অস্থায়ী পশুর হাট পরিচালনার ফলে সৃষ্ট সব ধরনের ক্ষয়ক্ষতি সরেজমিন পরিদর্শন করে নিরূপণ করতে হবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখপূর্বক বিস্তারিত প্রতিবেদন আগামী তিন কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে।
