তোপের মুখে অফিস ছাড়লেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সদ্য নিয়োগপ্রাপ্ত পরিচালক ডা. মামুনুর রশীদকে বিক্ষোভের মুখে তার কার্যালয় ত্যাগ করতে বাধ্য করেছেন কর্মকর্তা-কর্মচারী ও সংগঠনের একাংশ। গতকাল বুধবার সকালে নিজ কার্যালয়ে দায়িত্ব পালনকালে তিনি এই তোপের মুখে পড়েন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তায় হাসপাতাল প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), মেডিক্যাল টেকনোলজিস্ট, নার্স এবং ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা পরিচালকের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভকারীদের দাবি, ডা. মামুনুর রশীদ বিগত সরকারের ঘনিষ্ঠ ছিলেন এবং তৎকালীন চিকিৎসকদের সংগঠন ‘স্বাচিপ’-এর সঙ্গে তার সক্রিয় সম্পৃক্ততা ছিল। তথ্য গোপন করে তিনি এই পদে নিয়োগ পেয়েছেন এমন অভিযোগ এনে তার পদত্যাগের দাবি তোলা হয় এবং তার অধীনে কাজ না করার ঘোষণা দেন ড্যাব নেতারা।

উদ্ভূত পরিস্থিতিতে ডা. মামুনুর রশীদ উপস্থিত সাংবাদিকদের কাছে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে স্বাচিপের সঙ্গে অতীতের সম্পৃক্ততার কথা আংশিক স্বীকার করেন।