এনসিপির সঙ্গে হাতাহাতির পরদিন বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে ‘বাড়তি ভাড়া’ নেওয়ার অভিযোগে অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের হাতাহাতি হওয়ার পরদিন ৩০ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় পুনঃমূল্যায়ন শেষে নতুন ভাড়া নির্ধারণ করা হয়। ‘চমেক হাসপাতালের রোগী ও লাশ পরিবহনের নীতিমালায় বর্ণিত অ্যাম্বুলেন্সের ভাড়া পুনঃমূল্যায়ন পূর্বক যৌক্তিককরণ’ শীর্ষক ওই সভায় প্রধান অতিথি ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় আলোচনা শেষে অ্যাম্বুলেন্সের ভাড়া ৩০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নির্ধারিত ভাড়ার চেয়ে কেউ বেশি ভাড়া নিলে সেই টাকা সমিতিরি নেতৃবৃন্দকে ফেরতে দিতে হবে।’ চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আমাদের প্রস্তাব ছিল আগের ভাড়ার ৫০ শতাংশ বৃদ্ধির। আলোচনা শেষে ৩০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। তবে বাইরের কোনো অ্যাম্বুলেন্স মেডিকেলে প্রবেশ করতে পারবে না। কিন্তু যদি কারো নিজস্ব অ্যাম্বুলেন্স থাকে, তাতে রোগী ও লাশ পরিবহন করা যাবে।’
এর আগে গত বছরের ১৮ জুন অ্যাম্বুলেন্স ভাড়া নির্ধারণ করা হয়েছিল। জানতে চাইলে সমিতির সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ চৌধুরী বলেন, ‘সবকিছুর খরচ বৃদ্ধি পাওয়ায় ৩০ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আজ থেকে এই ভাড়া কার্যকর হবে। আগামী তিনমাস এই ভাড়া থাকবে। এরপর আবার পর্যালোচনা করা হবে।’ সভায় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন চমেক হাসপাতাল সংলগ্ন সড়কের অলি খাঁ মসজিদ অংশ থেকে প্রবর্তক মোড় পর্যন্ত অংশে রাস্তার উপর কোনো অ্যাম্বুলেন্স না রাখার নির্দেশনা দেন।
মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘পাঁচলাইশ আবাসিক এলাকার মুখে (পপুলার ডায়গনস্টিক সংলগ্ন) এবং জাতিসংঘ পার্ক সংলগ্ন পূর্ত মন্ত্রণালয়ের খালি জমিতে অ্যাম্বুলেন্স রাখতে হবে। রাস্তায় লাইন ধরে কোনো গাড়ি থাকবে না। চট্টগ্রাম মেডিকেল, আশেপাশের হাসপাতাল এবং চিকিৎসকদের চেম্বারে পুরো বিভাগ থেকে লোকজন আসে। এই এলাকায় রাস্তায় গাড়ি রেখে যানজট সৃষ্টি করতে কাউকে দেওয়া হবে না।’
এর আগে গত রোববার বিকালে অ্যাম্বুলেন্সের বাড়তি ভাড়া আদায় নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেট এলাকায় অ্যাম্বুলেন্স মালিক সমিতির সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের হাতাহাতি হয়। গত রোববার সকালে নোয়াখালীর সোনাইমুড়ি যাওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স ভাড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ‘সিন্ডিকেটের’ কারণে দুই থেকে তিনগুণ বেশি ভাড়ায় সমিতির অ্যাম্বুলেন্স ভাড়া নিতে রোগীর স্বজনরা বাধ্য হন বলে অভিযোগ আছে। চট্টগ্রামে ভাড়া নিয়ে অ্যাম্বুলেন্স মালিক সমিতির সঙ্গে এনসিপির হাতাহাতি।
