‘ডকুমেন্টারি নির্মাণে ডাক্তারদের উদ্যোগী হওয়া উচিত’

প্রকাশ : ১১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিশেষধর্মী ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাণে ডাক্তারদের আরও উদ্যোগী হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। গতকাল বুধবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে বাংলাদেশ চলচ্চিত্র ইনস্টিটিউট (বিসিটিআই) কর্তৃক আয়োজিত বিশেষ শ্রেণির চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আজকের এই সেশনটা একটা আগ্রহ তৈরি করার মতো সেশন। ডকুমেন্টারি টাইপ ফিল্মমেকিংয়ে ডাক্তারদের আরও উদ্যোগী হওয়া উচিত। কারণ একজন ফিল্মমেকারকে ডাক্তারি শেখানোর চেয়ে একজন ডাক্তারকে ফিল্মমেকিং শেখানো সহজ। আমার মতে বিসিটিআই অসাধারণ একটা উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, আমি দুইটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। বিসিটিআই যেভাবে কাজ করছে, আশা করি মন্ত্রণালয়ও সেভাবে কাজ করবে।

এছাড়া, গতকাল এখানে এসে আমি ডাক্তারদের সংকটের কথাও শুনলাম। এই সংকটগুলো কোলাবোরেশানে আমরা কাজ করবো। কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের গণযোগাযোগ বিভাগের প্রভাষক আল আমিন রাকিব, চলচ্চিত্র নির্মাতা বুলবুল বিশ্বাস, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক আবদুল ওয়াদুদ চৌধুরী প্রমুখ।