ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকী

প্রকাশ : ১১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকী। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত মঙ্গলবারের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩’ এর ১৩(১) ধারা অনুযায়ী ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকীকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্তানুযায়ী, উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে তার এই নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে আগামী ৪ বছর পর্যন্ত কার্যকর থাকবে।

তবে এর মধ্যে তার অবসর গ্রহণের তারিখ চলে এলে যেটি পূর্বে ঘটবে, সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকী উপর্যুক্ত পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। দায়িত্ব পালনকালে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।