ইইউ ও এসিইউ প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক

প্রকাশ : ১২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে পৃথক বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)-এর দুটি প্রতিনিধিদল। গত বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিরাপদ অভিবাসন, দক্ষ জনশক্তি রপ্তানি, দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ এবং বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও ইইউ’র পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন, দক্ষতা উন্নয়ন, ইউরোপে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, বাণিজ্য, বিনিয়োগ ও শিক্ষা খাত অন্যতম।

বৈঠকে ইইউ প্রতিনিধিদল ইউরোপের শ্রমবাজারের চাহিদা পূরণে বাংলাদেশ থেকে দক্ষ ও যোগ্য জনশক্তি নিয়োগের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে তারা বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণ এবং এ খাতে বাংলাদেশ-ইইউ সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা পূরণে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে সরকারের কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্প্রসারণের চলমান উদ্যোগগুলো তুলে ধরেন। তিনি বলেন, ‘সরকার নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে প্রবাসী কর্মীদের উন্নত সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে একটি ‘এক্সপ্যাট্রিয়েট কার্ড’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।’ এছাড়া অভিবাসন ব্যয় কমানো, স্বচ্ছতা বৃদ্ধি এবং কর্মীদের অধিকার সুরক্ষায় সরকারের নীতিগত উদ্যোগের কথা তিনি উল্লেখ করেন।

ইইউ প্রতিনিধিদলে ছিলেন হেনরিক নিয়েলসেন, আলেকসান্দ্রা ডোমানস্কা, বাইবা জারিনা এবং জুরাতে স্মালস্কিতে মেরভিল।

এদিকে শিক্ষা, প্রযুক্তি ও আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের একটি প্রতিনিধিদল আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।