উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি

প্রকাশ : ১২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক 

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ও প্রশাসনিক সংকটসমূহ চিহ্নিত করে সমাধানের পথ বের করতে অংশীজনদের নিয়ে একটি স্থায়ী সংলাপ প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দক্ষতা উন্নয়নে ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচি চালুর পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি। গত বুধবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। ইউজিসির বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ আয়োজন বিষয়ে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ড. মামুন আহমেদ বলেন, উচ্চশিক্ষা খাতে বিদ্যমান নানা চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যেই একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করা হবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসক ও সংশ্লিষ্ট অংশীজনরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিয়মিত আলোচনা করতে পারবেন। ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, শিক্ষকদের মধ্যে পেশাদার সম্পর্ক গড়ে তোলা এবং বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনায় এ প্ল্যাটফর্ম ভূমিকা রাখবে। আন্তঃবিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতেও এটি সহায়ক হবে। সংবাদ বিজ্ঞপ্তি