ঢাবি আইবিএ’র এসিবিএ কোর্সের সার্টিফিকেট প্রদান
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর অ্যাডভান্সড সার্টিফিকেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এসিবিএ) কোর্সের ২১তম ব্যাচের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান গতকাল ১২ জুন ২০২৬ শুক্রবার সন্ধ্যায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কোর্সের মডারেটর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন স্বাগত বক্তব্য দেন। এমডিপি প্রোগ্রামের কোঅর্ডিনেটর অধ্যাপক ড. মো. রিদওয়ানুল হক কোর্সের কার্যক্রম তুলে ধরেন। আইবিএ’র ৩য় বর্ষের শিক্ষার্থী জারিন আশরাফ মুন অনুষ্ঠান সঞ্চালন করেন। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম সনদপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ একটি বিশ্বমানের প্রতিষ্ঠান। এখান থেকে অর্জিত জ্ঞান যথাযথভাবে ব্যবহার করে সমাজ ও দেশের ইতিবাচক পরিবর্তনে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় আজীবন শেখার মানসিকতা বজায় রাখার জন্য তিনি সনদপ্রাপ্তদের পরামর্শ দেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
