পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড দিলো ডিএসসিসি
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মীদের হাতে এই কার্ড তুলে দেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। হারপিক বাংলাদেশের অর্থায়নে, সাজেদা ফাউন্ডেশন ও চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের সহযোগিতায় এবং ডিএসসিসির ব্যবস্থাপনায় প্রথম পর্যায়ে এক হাজার জন পরিচ্ছন্নতা কর্মীকে এই স্বাস্থ্য কার্ড দেওয়া হয়। পরিচ্ছন্নতা কর্মীর বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা কার্ড পাচ্ছেন। এই কার্ডের আওতায় পরিচ্ছন্নতা কর্মী ও তাদের পরিবারের ছয়জন সদস্য পর্যন্ত বিভিন্ন স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা সুবিধা পাবেন। স্কিমের প্রধান সুবিধাগুলোর মধ্যে রয়েছে- দেশের ৪৫০টি অনুমোদিত হাসপাতালে বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও ডায়াগনস্টিক সেবায় ৫০% পর্যন্ত বিশেষ ছাড়। এছাড়া, কোনো পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে এককালীন ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই উদ্যোগের অংশ হিসেবে ঢাকা শহরের বিভিন্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা কিট বিতরণ করা হবে। পাশাপাশি মা ও শিশুদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে শিক্ষা কার্যক্রমও পরিচালনা করা হবে। অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, দেশের স্বাস্থ্যখাত ক্রমেই ব্যবসাকেন্দ্রিক হয়ে উঠছে, যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষ। পরিচ্ছন্নতা কর্মীরা দিন-রাত পরিশ্রম করে নগরীকে বাসযোগ্য রাখছেন। সমাজের জন্য তাদের এই অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।
