গ্রেপ্তার দেখানো হলো দেশ টিভির সাবেক এমডি আরিফ হাসানকে
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিমানবন্দর থানায় করা প্রাইভেট কারচালক বাবুল হত্যা মামলায় দেশ টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আরিফ হাসানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এ আদেশ দেন। বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আবু সাঈদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন অর রশিদ গ্রেপ্তারের পক্ষে আদালতে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী তাহমিনা সুলতানা আবেদন নামঞ্জুরের আরজি জানান।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। ওই বছরের ১৮ জুলাই উত্তরা এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন প্রাইভেট কারচালক বাবুল।
