ভবিষ্যতে যাতে একই রাস্তা বারবার খনন করতে না হয়, সমন্বয় করছে ডিএনসিসি

প্রকাশ : ২১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ওয়াসা, তিতাস, রাজউকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে যাতে একই রাস্তা বারবার খনন করতে না হয় সে বিষয়ে সমন্বয় করা হচ্ছে। গতকাল শনিবার রাজধানীর মিরপুর মুসলিম বাজার খাল পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক এসব কথা বলেন।

প্রশাসক বলেন, ভবিষ্যতে যাতে একই রাস্তা বারবার খনন করতে না হয়, সে জন্য সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। উন্নয়নকাজগুলো সমন্বিতভাবে সম্পন্ন করা যায়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। নগরবাসীর দুর্ভোগ কমিয়ে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও জলাবদ্ধতামুক্ত নগর গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, গত ৫ আগস্টের পর থেকে মিরপুর মুসলিম বাজার খাল থেকে এখন পর্যন্ত ৪১৬ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে। এ কার্যক্রম চলমান এবং পর্যায়ক্রমে অন্যান্য খালেও একই ধরনের পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে এনে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে ডিএনসিসি।

যেসব এলাকায় পানি জমে থাকার প্রবণতা বেশি এবং হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে, সেসব স্থানের সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।