নাম ও বয়স সংশোধনে দালালচক্র থেকে সাবধান
ঢাকা শিক্ষা বোর্ডের সতর্কবার্তা
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের নিজ নাম, পিতা-মাতার নাম এবং জন্মতারিখ বা বয়স সংশোধন সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের দালাল বা মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ না করার জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। একই সঙ্গে কোনো প্রতারক চক্রের প্রলোভনে পড়ে কাউকে কোনো অর্থ না দেওয়ার জন্য আবেদনকারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
গতকাল বোর্ডের সচিব প্রফেসর এস. এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডে নাম ও বয়স সংশোধন সংক্রান্ত আবেদনসমূহ দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে গত ১৫ দিনে প্রায় ৮ হাজার আবেদন নিষ্পত্তি করা হয়েছে। অবশিষ্ট আবেদনসমূহ অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে নিষ্পত্তি করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র বোর্ডের আবেদন দ্রুত নিষ্পত্তি করে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে সরলপ্রাণ আবেদনকারীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করছে। এ ধরনের প্রতারণার ফাঁদে পা দিয়ে অনেক আবেদনকারী চরমভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ঢাকা শিক্ষা বোর্ড আরও জানায়, নাম ও বয়স সংশোধনের পুরো প্রক্রিয়াটি নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন হচ্ছে। আবেদন সংক্রান্ত কোনো সমস্যা, প্রয়োজনীয় তথ্য বা জরুরি সহযোগিতার প্রয়োজন হলে আবেদনকারীদের সরাসরি ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের কার্যালয়ে (৩ নম্বর ভবনের লিফট-৬) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
