কুমিল্লা ধান গবেষণা ইনস্টিটিউটে জোরপূর্বক প্রবেশ ও হামলার চেষ্টা

আনসার সদস্যদের তৎপরতায় ছুরিসহ ব্যক্তি আটক

প্রকাশ : ২১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

কুমিল্লা সদর উপজেলার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্যদের সাহসিকতা, সতর্কতা ও তাৎক্ষণিক পদক্ষেপে আনসার সদস্যের ওপর ছুরি নিয়ে হামলার চেষ্টা নস্যাৎ করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের নিকট সোপর্দ করা হয়। গত শুক্রবার দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ২ নম্বর প্রবেশ গেইটে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য মো. আতিকুর রহমান। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় এক ব্যক্তি জোরপূর্বক প্রতিষ্ঠানের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন। প্রতিষ্ঠানে প্রবেশের কারণ জানতে চাওয়া হলে এবং নিরাপত্তাজনিত কারণে তাকে প্রবেশে বাধা দেওয়া হলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি তার সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি দেশীয় ধারালো ছুরি বের করে দায়িত্বরত আনসার সদস্যের ওপর হামলার চেষ্টা করেন। হঠাৎ সৃষ্ট এ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও আনসার সদস্য মো. আতিকুর রহমান অসীম সাহসিকতা ও বিচক্ষণতার পরিচয় দেন। তিনি তাৎক্ষণিকভাবে নিকটস্থ ১ নম্বর গেইটে দায়িত্বরত আনসার সদস্য মো. আলামিন হোসেনকে সহায়তার জন্য ডাক দেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরবর্তীতে দুই আনসার সদস্যের সমন্বিত, সাহসী ও পেশাদার পদক্ষেপে হামলার চেষ্টা করা ব্যক্তিকে দ্রুত নিয়ন্ত্রণে এনে আটক করতে সক্ষম হন। আটককৃত ব্যক্তির নাম মো. ফরহাদ (৩২)। তিনি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া গ্রামের নুরু মিয়ার পুত্র। ঘটনার পর বিষয়টি ক্যাম্প ইনচার্জ পিসি নাসিম উদ্দিনকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত ব্যক্তিকে সংস্থা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি