পদবঞ্চিত ৭ জনের আবেদন পর্যালোচনায় কমিটি
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বিগত ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত রাজনৈতিক কারণে পদোন্নতি ও পদায়ন বঞ্চিত এবং নানাভাবে হয়রানির শিকার হওয়া ৭ জন সরকারি কর্মকর্তার আবেদন পর্যালোচনায় ৫ সদস্যের একটি নতুন কমিটি গঠন করেছে সরকার।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে।
এতে বলা হয়েছে, বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে পদোন্নতি ও পদায়ন বঞ্চিত এবং নানাভাবে হয়রানির শিকার ৭ জন অবসরপ্রাপ্ত এবং অকাল অবসরপ্রাপ্ত কর্মকর্তার আবেদন পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অণুবিভাগের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হককে।
কমিটির বাকি ৪ জন সদস্য হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অণুবিভাগের অতিরিক্ত সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), অর্থ বিভাগের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়) এবং আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়)। কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, এই কমিটি ৭ জন কর্মকর্তার প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে রাজনৈতিক কারণে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের তথ্য পর্যালোচনা করবে।
তবে আদালতের সুনির্দিষ্ট আদেশ রয়েছে এমন বিষয়াদি এই কমিটির আওতাবহির্ভূত থাকবে। কমিটিকে আগামী ১ মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে দাখিল করতে বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৪ শাখা এই কমিটিকে সাচিবিক সহায়তা করবে। এছাড়া সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভার সদস্যরা প্রতি সভার জন্য যেভাবে সম্মানী পেয়ে থাকেন, এই কমিটির সদস্যরাও একই খাত থেকে সমপরিমাণ সম্মানী পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
