৯ বছর আগের হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

প্রকাশ : ২২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে নয় আগের একটি হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল রোববার সকালে চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এই রায় দেয়। দণ্ডিত মো. ইসমাইল হোসেন সুজনের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রাম; তিনি ওই গ্রামের নাছের আহম্মদের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি সুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত আসামি মো. ইসমাইল হোসেন সুজন পলাতক বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর। মামলার নথিতে বলা হয়েছে, ২০১৭ সালের ২৪ মার্চ নগরীর পাহাড়তলি থানার অলংকার শপিং কমপ্লেক্সে ২০ বছর বয়সি আবু নাছের খুন হন। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নের দক্ষিণ ছলিমপুর গ্রামের আবু তাহেরের ছেলে।