কোস্ট গার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল জব্দ
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল এবং লুব অয়েল তৈরির কাঁচামাল জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল মঙ্গলবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকায় একটি কারখানায় নষ্ট ও ব্যবহৃত তেল পুনঃপ্রক্রিয়াজাত করে ভেজাল লুব অয়েল উৎপাদন করা হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত ২২ জুন ২০২৬ সোমবার বিকাল ৩ টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম এর সমন্বয়ে উক্ত কারখানায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কারখানাটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল, লুব অয়েল তৈরির কাঁচামাল এবং উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
