মতিঝিলে জমি দখলমুক্ত করতে রাজউকের অভিযান

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

মতিঝিল এলাকায় অবস্থিত মধুমিতা সিনেমা হলের পেছনে প্রায় এক একর জমি দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল বৃহস্পতিবার দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রাজউক।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, এই জমিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা। দীর্ঘদিন যাবৎ একটি পরিবহন কোম্পানি অবৈধভাবে জমিটি দখল করে ব্যবহার করে আসছিল এবং দখল বজায় রাখার উদ্দেশ্যে আদালতে মামলা দায়ের করে। পরবর্তীতে আদালতের রায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুকূলে প্রদান করা হলে, সেই রায়ের আলোকে আজ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানের মাধ্যমে অবৈধ দখলমুক্ত করে জমিটির দখল পুনরুদ্ধার করা হচ্ছে। এই স্থানে মতিঝিল পার্ক নামে একটি নান্দনিক উন্মুক্ত স্থান উন্নয়ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা রাজধানীর পরিবেশগত ভারসাম্য রক্ষা ও নাগরিকদের বিনোদন সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজউক কর্তারা জানিয়েছেন, এ ধরনের অবৈধ দখল উচ্ছেদে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।