আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কৃতি ক্রীড়াবিদদের সাফল্যের স্বীকৃতি প্রদান এবং ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে বাহিনীর কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা ও প্রাইজমানি প্রদান অনুষ্ঠান এবং নবম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান গত রবিবার গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. আমিনুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। প্রধান অতিথি বলেন দেশের প্রান্তিক পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় ক্রীড়াঙ্গনে দক্ষ ও প্রতিভাবান খেলোয়াড় তৈরির ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একদিকে শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশের প্রান্তিক পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করছে, অন্যদিকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও দেশের জন্য গৌরব বয়ে আনছে। তিনি বলেন, কৃতি খেলোয়াড়দের এই সম্মাননা তাদের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও দেশপ্রেমের যথার্থ স্বীকৃতি। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় আরও উদ্বুদ্ধ করবে এবং দেশের জন্য নতুন সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে কাবাডি, উশু, বক্সিং, টেবিল টেনিস, কারাতে, ভলিবল, ব্যাডমিন্টন ও ভারোত্তোলনসহ বিভিন্ন ডিসিপ্লিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ২৩ জন খেলোয়াড়ের হাতে সম্মাননা ও প্রাইজমানি তুলে দেওয়া হয়।
