এবতেদায়ি মাদ্রাসার এমপিওভুক্তি এবার হবে : শিক্ষামন্ত্রী

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

নতুন অর্থবছরে প্রথমবারের মতো এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তি করতে যাচ্ছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আনম এহছানুল হক মিলন জানিয়েছেন, এ কার্যক্রম বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দ রয়েছে। তার ভাষ্যে, ‘এটাকে আমাদের একটু ঘুছিয়ে নিতে হবে; নিয়ে আমরা জাস্টিফাই করব কাকে দেওয়া যায় এবং সেইভাবে আমরা আগামী বাজেটে অ্যালোকেশন করা আছে টাকা; সেখান থেকে আমরা (এমপিও) দেব। বাট ইট হ্যাজ টু বি ইন অ্যা সিস্টেম।’

গতকাল মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও অনন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান’ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন মিলন। তিনি বলেন, ‘এখন দেখবেন প্রেস ক্লাবে গেলেই এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এমপিওর জন্য অনশন করছেন। হোয়াট ইজ দিস? কেন করবে? একটি জিনিস সিস্টেমে আছে, সিস্টেম অনুযায়ী গাড়ি চলতে থাকবে।

‘এবতেদায়ী মাদ্রাসার কারা (এমপিও) পাবে, এটার একটা নীতিমালা রয়েছে। নীতিমালায় যে পড়বে, সেই পাবে; তাই না? ভেরি সিম্পল! রুলস অব বিজনেস থাকবে। কিন্তু রুলস অব বিজনেস একেকবার একেকরকমভাবে চেঞ্জ করা শুরু করল।’ ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে যে শিক্ষাব্যবস্থা রয়েছে, সেই আলিয়া মাদ্রাসা পদ্ধতিতে পঠন-পাঠন হয় এবতেদায়ী মাদ্রাসায়। প্রাথমিক বিদ্যালয়ের সমমান এই ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের গোড়াপত্তন হয় ১৯৮৪ সালে। এরপর চার দশক কেটে গেলেও শিক্ষকরা মানবেতর জীবন-যাপন করছেন।

মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, দেশে অনুদানভুক্ত ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রতি মাসে পাঁচ হাজার টাকা এবং সহকারী শিক্ষকরা তিন হাজার টাকা করে অনুদান পেয়ে থাকেন।