ঢাবিকে বিশ্বের শীর্ষ ২০০ বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যেতে উপাচার্যের দৃঢ় অঙ্গীকার
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাকেন্দ্রিক, উদ্ভাবননির্ভর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শীর্ষ ২০০ একাডেমিক প্রতিষ্ঠানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ, প্রভাবশালী ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করা। গত সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে সভাপতির অভিভাষণে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, প্রতিষ্ঠার ১০৫ বছরের গৌরবময় পথচলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবেই নয়, বরং দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অতীতের ঐতিহ্য ও অর্জনের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়কে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সক্ষম ও প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ক্রমেই সুদৃঢ় হচ্ছে। টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২৬-এ ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরের তুলনায় ৬০০ ধাপ এগিয়ে ৪০১-৬০০ ব্যান্ডে স্থান অর্জন করেছে। একইসঙ্গে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭-এ টানা তৃতীয়বারের মতো বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান ধরে রেখেছে এবং কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৩২তম স্থান লাভ করেছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
