যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক মহিলাকে চিকিৎসা সহায়তা কোস্ট গার্ডের
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক মহিলাকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড। গত বুধবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত বুধবার বিকাল সাড়ে ৫টায় এক ব্যক্তি তার অসুস্থ স্ত্রীকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ‘এম ভি সোনার তরী-১’ নামক যাত্রীবাহী লঞ্চযোগে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। লঞ্চটি সন্ধ্যা ৬টায় মুন্সিগঞ্জ সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ তার স্ত্রীর শ্বাসকষ্টজনিত কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সংকটাপন্ন হয়ে পড়ে। এসময় উক্ত ব্যক্তি কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডারসহ অতিদ্রুত উক্ত লঞ্চে গমন করে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
