নবীন শিক্ষার্থীদের র‌্যাগিং, আটক ১২

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের (প্রথম বর্ষ) নবীন শিক্ষার্থীদের গভীর রাতে খেলার মাঠে ডেকে নিয়ে ‘ম্যানার’ শেখানোর নামে শারীরিক ও মানসিক নির্যাতনের (র‍্যাগিং) অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার কথা লিখিতভাবে স্বীকার করেছেন একই বিভাগের ৫৪তম ব্যাচের (দ্বিতীয় বর্ষে) ১২ শিক্ষার্থী।

গত শুক্রবার রাত ১১টা থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও জাকসুর অ্যান্টি-র‍্যাগিং সেলের সদস্যরা ঘটনাস্থলে যান। তাদের হাতেনাতে আটক করেন। এ ঘটনায় গতকাল শনিবার ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল রাতে ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীরা ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের স্কুল অ্যান্ড কলেজ মাঠে ডেকে নেন। সেখানে যাওয়ার পর নবীন শিক্ষার্থীদের কান ধরানো, অকথ্য ভাষায় গালিগালাজ ও ফরমাল পোশাকের নিয়ম শেখানোর নামে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।