বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএসসি নার্সিং স্টুডেন্টদের ক্যাপিং সেরিমনি

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গতকাল শনিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর এ ব্লক অডিটোরিয়ামে বিএসসি ইন নার্সিংয়ের ১৫তম ব্যাচের ক্যাপিং সেরিমনি ও এমএসসি ইন নার্সিং এর চতুর্থ ব্যাচের নবীনবরণ উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশ ছিল জাতীয় সঙ্গীত পরিবেশন, শপথ অনুষ্ঠান, থিম সং পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী বলেন, সমগ্র বিশ্বে নার্সিং পেশা অত্যন্ত সম্মানজনক পেশা। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এর বিএসসি ইন নার্সিং এর ১৫তম ব্যাচের ছাত্রছাত্রীরা আজ যে শপথ নিলেন, থিম সং পরিবেশন করলেন তা যেনো তারা অন্তর দিয়ে ধারণ করে বিশ্বাসে পরিণত এবং আত্মীকরণ করেন। নার্সরা রোগীদের আশ্রয়ের স্থল। রোগীদের সঙ্গে হাসিমুখে কথা বলে রোগীর সুখ-দুঃখের অনুভূতি ভাগাভাগি করে রোগীদের সেবা প্রদানই কাম্য। নার্সরা হলো হাসপাতালের প্রাণ, রোগীদের আন্তরিকতার সঙ্গে সেবা দানের মাধ্যমে এই প্রাণস্পন্দনকে প্রতিটা মুহূর্তে অটটু রাখতে হবে। রোগীদের সেবার কাজে যেনো কোনোপ্রকার স্থবিরতা না আসে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এর নার্সরা দেশের রোল মডেল হবে, অনুসরণীয় হবে সেটা যেমন প্রত্যাশিত একইভাবে বাংলাদেশ এর নার্সরা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে সেটাই কাম্য। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি