গোল্ডেন অয়েল মিলস ও ডেল্টা এপিআইর সঙ্গে ভূমি লিজ চুক্তি বেজার
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

দেশের শিল্পায়ন ও বিনিয়োগ সম্প্রসারণের ধারাবাহিকতায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (National Special Economic Zone) আরও দুটি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে ভূমি ইজারা (Land Lease Agreement-LLA) চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। গতকাল রোববার বেজার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গোল্ডেন অয়েল মিলস লিমিটেড (Golden Oil Mills Limited) এবং ডেল্টা এপিআই লিমিটেড (Delta API Limited)-এর সঙ্গে এই চুক্তিদ্বয় স্বাক্ষরিত হয়। গোল্ডেন অয়েল মিলস লিমিটেড জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ২০ একর জমিতে প্রায় ৫২.৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। প্রতিষ্ঠানটি খাদ্য ও কৃষিভিত্তিক পণ্য, ফ্রোজেন ফুড, আইসক্রিম, বিশেষায়িত তেল ও ফ্যাট, প্যাকেজিং, ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন এবং উন্নত প্রযুক্তিনির্ভর ইলেকট্রনিক্স উৎপাদন খাতে বিনিয়োগ করবে। এই প্রকল্পে প্রায় ৬,০০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রতিষ্ঠানটি দেশের সুপরিচিত গোল্ডেন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এবং জনপ্রিয় Savoy Ice Cream -এর স্বত্বাধিকারী। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
