বংশালে কথা কাটাকাটির জেরে স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বংশালের নাজিমুদ্দিন রোড এলাকায় কথা কাটাকাটির জেরে মো. সুমন (৪০) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় দ্বিতীয় স্ত্রী নাসিমা আক্তারকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্বিতীয় স্ত্রী নাসিমা আক্তার ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিহত সুমন হবিগঞ্জের কমলগঞ্জ থানার ডালু গাছ বাজার এলাকার নবী মিয়ার ছেলে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মচারী হিসেবে কাজ করতেন। বর্তমানে বংশালের নাজিমুদ্দিন রোডের একটি বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি।

তাকে হাসপাতালে নিয়ে আসা নিহত সুমনের দ্বিতীয় স্ত্রী নাসিমা বেগম বলেন, আমার স্বামী ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে দৈনিক মজুরি (ডেইলি বেসিস) ভিত্তিক কর্মচারী এবং আমিও একই ইউনিটে দৈনিক মজুরি ভিত্তিতে চাকরি করি। আমার স্বামী ইয়াবা ও গাঁজা সেবন করতেন। গত রাতেও তিনি বাথরুমে বসে ইয়াবা ও গাঁজা সেবন করেন। সেটির গন্ধে আমি ঘরে থাকতে পারছিলাম না। আমাদের নতুন বাসার ভাড়া ৩,০০০ টাকা। সকালে আমার কাছে থাকা ১,৫০০ টাকা যখন ওয়্যারড্রোব খুলে দিতে যাই, তখন দেখি টাকাগুলো সেখানে নেই। এ বিষয়ে আমার স্বামী সুমনকে জিজ্ঞাসা করলে প্রথমে তিনি অস্বীকার করেন, কিন্তু পরে স্বীকার করে বলেন যে তিনি টাকাটা নিয়েছেন এবং ফেরত দিয়ে দেবেন। এই নিয়ে আমাদের দুইজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তিনি আমাকে চড়-থাপ্পড় মারতে থাকেন, হাতে থাকা কলমের মতো একটি জিনিস দিয়ে আমার বাম হাতে আঘাত করেন এবং পিঠে কামড়ে দেন। আমাদের মধ্যকার ধস্তাধস্তির একপর্যায়ে হঠাৎ আমি দেখতে পাই তার বুকের বাম পাশ দিয়ে রক্ত বের হচ্ছে।