অটোরিকশা চালককে হত্যা ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে অটোরিকশা চালককে অজ্ঞান করে, হত্যার ঘটনায় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ওয়ারী থানা পুলিশ। গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলো- মো. দেলোয়ার হোসেন ওরফে হৃদয় (৪০), মো. মানিক সরদার (৫২) ও মো. লিটন (৫০)। পুলিশ জানায়, চলতি বছরের ২৮ জুন রাতে খিলগাঁও থেকে রিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন চালক দিদারুল ইসলাম। পরদিন ২৯ জুন রাতে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ওয়ারী থানার নবাবপুর রোড থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২ জুলাই রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় প্রথমে ওয়ারী থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়। মামলা দায়ের পর ওয়ারী থানা পুলিশের একটি টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করে।
