ওয়ার্ড ও সীমানা বিন্যাস দ্রুত শেষ করার তাগিদ ইসির

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের হালনাগাদ তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের সীমানা ও ওয়ার্ড বিন্যাসের কাজ দ্রুত শেষ করার জন্য স্থানীয় সরকার বিভাগকে তাগিদ দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পৃথক চারটি চিঠি পাঠিয়ে এসব তথ্য চাওয়া হয়। চিঠিতে ৩০ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ছকে তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে বলা হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে বিধিমালা চূড়ান্তকরণ, ভোটার তালিকা হালনাগাদসহ প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ ৩১ অগাস্টের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়েছে ইসি। এ লক্ষ্যে একটি কর্মপরিকল্পনাও প্রণয়ন করা হচ্ছে। এছাড়া ৩১ জুলাইয়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য ভোটার তালিকা চূড়ান্ত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, নির্বাচন আয়োজনের প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে। প্রয়োজন ও অগ্রাধিকার বিবেচনায় আলোচনা করে কোন নির্বাচন আগে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তার মতে, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আগে শুরু করা যৌক্তিক। তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের কাছে পাঠানো চিঠির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচন-সংক্রান্ত তথ্য সংগ্রহের পাশাপাশি কোথায় কোথায় সীমানা-সংক্রান্ত বিরোধ বা আইনি জটিলতা রয়েছে, তা জানা যাবে। প্রয়োজন হলে সেগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।

যেসব তথ্য চেয়েছে ইসি : ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা পৃথক চিঠিতে স্থানীয় সরকার বিভাগকে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সুবিধার্থে প্রতিটি প্রতিষ্ঠানের শপথ গ্রহণের তারিখ, প্রথম সভার তারিখ, মেয়াদ শেষ হওয়ার তারিখ, সীমানা বা আইনি জটিলতা রয়েছে কি না এবং প্রতিষ্ঠানটি নির্বাচন উপযোগী কি না—এসব তথ্য নির্ধারিত ছকে পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের সীমানা এবং ওয়ার্ড বিন্যাসের কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানিয়েছে কমিশন।

বর্তমানে দেশে ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৩৩০টি পৌরসভা, ১৩টি সিটি করপোরেশন এবং ৬১টি জেলা পরিষদ রয়েছে। এসব প্রতিষ্ঠানের বিভিন্ন পরিষদের মেয়াদ পর্যায়ক্রমে শেষ হওয়ায় ধাপে ধাপে নির্বাচন আয়োজন করতে হবে নির্বাচন কমিশনকে। স্থানীয় সরকার আইন অনুযায়ী, পৌরসভার ক্ষেত্রে পরিষদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। আর সিটি করপোরেশন, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বিধান রয়েছে।