রংপুরে বন্ধ সুগার মিল চালুর সম্ভাবনা যাচাই করছে প্রশাসন

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

দীর্ঘদিন বন্ধ থাকা রংপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান শ্যামপুর সুগার মিল পুনরায় চালুর সম্ভাবনা ও অবকাঠামোগত সক্ষমতা যাচাই করে দেখছে প্রশাসন।

জাতীয় সংসদের ৩১২ নম্বর সংরক্ষিত মহিলা আসনের (রংপুর-৫ ও ৬) সংসদ সদস্য জেবা আমিনা খান এবং রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম গতকাল মিলটি পরিদর্শন করেছেন। গতকাল শনিবার দিনব্যাপী তারা শ্যামপুর সুগার মিলের কারখানা, উৎপাদন ইউনিট, ওয়ার্কশপসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় মিলের সার্বিক অবস্থা, যন্ত্রপাতির সক্ষমতা, অবকাঠামোগত উন্নয়ন, উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর সম্ভাবনা এবং দেশের চিনি শিল্পের উন্নয়নে করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।