নিয়ন্ত্রিত ও পরিকল্পিত জনসংখ্যা দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি
বিভাগীয় কমিশনার
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
নিয়ন্ত্রিত ও পরিকল্পিত জনসংখ্যাই দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবির সরকার। গতকাল রোববার ময়মনসিংহে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে জেলা পরিষদের ভাষা শহিদ আব্দুল জব্বার মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। বিভাগীয় কমিশনার বলেন, ভালো কাজ মানুষের মনের প্রশান্তি এনে দেয়, পাশাপাশি স্বীকৃতিও পাওয়া যায়। তিনি পুরস্কারপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন, অন্যদেরও ভালো কাজের মাধ্যমে এগিয়ে আসতে হবে। শুধু জন্মনিয়ন্ত্রণ নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরিবার পরিকল্পনার গুরুত্ব রয়েছে। তিনি বলেন, একটি সুস্থ, শিক্ষিত ও পরিকল্পিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে। বিপুল জনগোষ্ঠীকে দক্ষ ও কর্মক্ষম জনসম্পদে পরিণত করতে হলে পরিকল্পিত জনসংখ্যা ব্যবস্থাপনা জরুরি। অন্যথায় অনিয়ন্ত্রিত জনসংখ্যা জনসম্পদে পরিণত না হয়ে জনদুর্ভোগের কারণ হতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন এবং বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা। সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিচালক মো. মাজহারুল হক চৌধুরী।
আলোচনা সভায় বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) বলেন, অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা না গেলে তা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। পরিকল্পিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যাই দেশের সম্পদ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, পরিবার কল্যাণ পরিদর্শিকা থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।
