বন্যাদুর্গত হবিগঞ্জে বিজিবির মানবিক ও ব্যতিক্রমধর্মী উদ্যোগ
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বর্ডার গার্ড বাংলাদেশের হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) আধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহার করে বন্যাকবলিত দুর্গম ও জলাবদ্ধ এলাকায় আটকেপড়া অসহায় মানুষের কাছে খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা পৌঁছে দিয়ে দুর্যোগ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর মানবিক সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এছাড়া বন্যাদুর্গত এলাকায় বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ৪০০টি পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান, ২০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী এবং রান্না করা খাবার বিতরণ এবং ১৫০টি গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। গত সোমবার হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)- এর উদ্যোগে বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন গ্রামে ব্যাপক মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এ কার্যক্রমের আওতায় প্রায় ৪০০টি পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যপরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি ২০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী এবং আরও ২০০টি পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। একই সঙ্গে পশু বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত পৃথক মেডিকেল টিমের মাধ্যমে প্রায় ১৫০টি গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
