দক্ষ জনশক্তি গড়তে পরিকল্পিত পরিবার গঠন করতে হবে
বিভাগীয় কমিশনার
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বরিশাল ব্যুরো
বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেছেন, দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে পরিকল্পিত পরিবার গঠন করতে হবে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগাতে তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলেই দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত সম্ভব। ‘তারুণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এ প্রতিপাদ্যে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আজ বুধবার সকালে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পরিকল্পিত, মেধাবী ও প্রযুক্তিনির্ভর পরিবার গড়ে তোলাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। শুধু জনসংখ্যা বৃদ্ধি নয়, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার দিকেই সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তরুণদের মেধা, উদ্ভাবনী ক্ষমতা এবং নতুন প্রযুক্তি দ্রুত আয়ত্ত করার সক্ষমতা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করতে হবে।
বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের উপপরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম, উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার ও সিভিল সার্জন ডা. এস. এম. মনজুর-এ-এলাহী। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, তরুণ প্রজন্ম উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধান অতিথি বরিশাল বিভাগীয়, জেলা ও উপজেলার পর্যায়ে কর্মরত শ্রেষ্ঠ কর্মীদের হাতে পুরস্কার তুলে দেওয়া দেন।
