সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল বুধবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। একইসাথে সমুদ্রে মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় জনগণের মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে। গত ৮ জুলাই বুধবার এফবি মা-২ নামক একটি ফিশিং বোট ১৯ জন জেলেসহ হাতিয়া থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। গত ১৩ জুলাই থেকে ইঞ্জিন বিকল হয়ে বোটটি সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে দুই দিন পর মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসলে গতকাল বুধবার সকাল ১০টায় উক্ত বোটের একজন জেলে কোস্ট গার্ডকে বিষয়টি অবহিত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ কোস্ট গার্ড স্টেশন ভাসানচর ও অপারেশন সুরক্ষায় নিয়োজিত জাহাজ বিসিজিএস কুতুবদিয়া কর্তৃক একটি উদ্ধার অভিযান পরিচালনা করে চট্টগ্রামের নরম্যান্স পয়েন্ট থেকে পশ্চিমে গভীর সমুদ্র এলাকা থেকে বিকল হওয়া বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি