আনসার সদস্যদের সাহসী পদক্ষেপে রক্ষা পেল গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
খুলনার বটিয়াঘাটা উপজেলার ১৩২/১৩৩ কেভি হোগলাডাঙ্গা পাওয়ার গ্রিডে ট্রান্সফরমারে শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ নিয়ে বড় ধরনের দুর্ঘটনা এড়িয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা। দায়িত্বে থাকা সদস্যদের দ্রুত সিদ্ধান্ত, পেশাদার দক্ষতা ও সমন্বিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে, ফলে গুরুত্বপূর্ণ জাতীয় বিদ্যুৎ অবকাঠামো এবং আশপাশের স্থাপনা সম্ভাব্য ভয়াবহ ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। গতকাল বুধবার সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফরমারে হঠাৎ শর্টসার্কিটের ফলে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এসময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্য মিন্টু হোসেন ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত গার্ড কমান্ডার (পিসি) মো. বাবুল আক্তারকে অবহিত করেন। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পিসি মো. বাবুল আক্তারের নেতৃত্বে দায়িত্বরত আনসার সদস্যরা প্রয়োজনীয় ফায়ার এক্সটিংগুইশার নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে অভিযান শুরু করেন। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও তারা সমন্বিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করেন। আনসার সদস্যদের দক্ষতা, সাহসিকতা ও তাৎক্ষণিক পদক্ষেপে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
