রাজধানীর উত্তরায় বাস চাপায় ২ সাংবাদিক নিহত
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরায় গতকাল ভোরে সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. রবিউল আলম রাজু (৬২) ও শাকিবুল হাসান (৩৫)। জানা গেছে, গভীর রাতে খেলা দেখে বাসায় ফেরার পথে উত্তরা জসীম উদ্দীন মোড় ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় তাদের মোটরসাইকেলকে একটি বেপরোয়া গতির বাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ’ুজনকেই মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, একটি বড় বাস তাদের মোটরসাইকেল দু’টিকে ধাক্কা দেয়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং সংশ্লিষ্ট বাসটি শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মানসুর বাসস’কে জানিয়েছেন। নিহত দু’জনই আগামী শনিবার অনুষ্ঠেয় উত্তরা প্রেস ক্লাব নির্বাচনে দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার শাকিবুল হাসান সাংগঠনিক সম্পাদক পদে ও সমাজ কল্যাণ সম্পাদক পদে প্রাণের বাংলাদেশ এর রবিউল আলম রাজু প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
