ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত তিন

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের সদর উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাক ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার রঘুরামপুর মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (৩৫), তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের আব্দুল মেতালেবের মেয়ে শিলা আক্তার (২৫) এবং নগরীর জুবলিঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫)। পুলিশ সূত্র জানায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাক ডিপো থেকে একটি ট্রাক হঠাৎ সড়কে বের হলে সেটি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই এক পুরুষ যাত্রীর মৃত্যু হয়। এ সময় অটোরিকশার চালকসহ তিন নারী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। আহত অপর এক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর অটোরিকশার চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন বলে জানা গেছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই খালিদ জাগো নিউজকে বলেন, ঘটনাস্থল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দুই নারীর মরদেহ রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।