আনসারের অভিযানে বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
রোগী ও সেবাগ্রহীতাদের নিরাপদ, স্বচ্ছ ও দালালমুক্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দায়িত্ব পালনকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দালাল চক্রের এক সদস্যকে হাতেনাতে আটক করেছেন।
গতকাল বুধবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের তেজগাঁও থানাধীন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে টহল ডিউটিরত প্লাটুন কমান্ডার (পিসি) মোহাম্মদ হাসান লক্ষ্য করেন, এক ব্যক্তি হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের দ্রুত প্যাথলজি পরীক্ষা করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি তাৎক্ষণিকভাবে সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) আমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন এবং দালাল চক্রের ওই সদস্যকে হাতেনাতে আটক করেন। আটক ব্যক্তির নাম মো. জহিরুল ইসলাম। পরবর্তীতে তাকে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হাসপাতাল এলাকায় দালালির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে আর কখনও হাসপাতাল প্রাঙ্গণে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
