বরিশালের নতুন সিভিল সার্জন যোগ দিতে পারেননি

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশালের নতুন সিভিল সার্জন কাজে যোগদান দিতে পারেননি। তার কক্ষে তালা দিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

গতকাল রোববার বেলা ১১টার দিকে সচেতন নাগরিক কমিটির ব্যানারে সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা সিভিল সার্জনের কক্ষে তালা দেন বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হাকিম জানিয়েছেন। তিনি বলেন, এ কারণে নতুন সিভিল সার্জন মনিরুজ্জামান কাজে যোগদান করতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মনিরুজ্জামানকে বরিশালের সিভিল সার্জন হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পদায়ন করা হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে দুপুরের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার সাবেক আহ্বায়ক সাব্বির হোসেনের নেতৃত্বে কক্ষে তালা দেওয়া হয়। এসময় সাব্বির হোসেন সাংবাদিকদের কাছে দাবি করেন, দুর্নীতিবাজ ও শাস্তিপ্রাপ্ত মনিরুজ্জামানকে সিভিল সার্জন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দুর্নীতির কারণে ২০২৫ সালে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে জনগণ তাড়িয়েছে। তখন সরকার বাধ্য হয়ে তাকে ওএসডি করে। এই ব্যক্তিকে বরিশালের মতো গুরুত্বপূর্ণ সিভিল সার্জন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। যা বরিশালের আপামর ছাত্র-জনতার সঙ্গে গাদ্দারির শামিল।

তিনি বলেন, ছাত্র-জনতা স্বাস্থ্য সংস্কার আন্দোলন করে স্বাস্থ্য খাতে অনেক উন্নতি করেছে। সেই পরিস্থিতিতে এ রকম একজন ব্যক্তিকে দায়িত্ব দিলে বরিশালের স্বাস্থ্য খাত ধ্বংসের মুখে পড়ে যাবে। তার নিয়োগের মাধ্যমে এরই মধ্যে ধ্বংসের মুখে পড়েছে।

সাব্বির বলেন, কোনোভাবেই সিভিল সার্জন হিসেবে দুর্নীতিবাজ মনিরুজ্জামানকে দায়িত্ব নিতে দেওয়া হবে না। এ ব্যাপারে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হাকিম বলেন, আমাকে বিএম কলেজের এক শিক্ষার্থী ফোন করে বিষয়টি জানিয়েছেন। আমি তাদের সরকারি দপ্তরে তালা দিতে নিষেধ করেছি। শিক্ষার্থীদের যদি কোনো দাবি থাকে, লিখিতভাবে জানাতে বলেছি। তখন বিষয়টি মন্ত্রণালয় ও মহাপরিচালককে অবহিত করব।

এসময় বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালকের কার্যালয়ে বসা ছিলেন সদ্য দায়িত্ব পাওয়া সিভিল সার্জন মনিরুজ্জামান। তিনি বলেন, এ বিষয়ে আমি কোনো কথা বলব না। এটা অফিসিয়াল বিষয়। নিজ অফিসে বসে বলব।