চট্টগ্রামে মাদকের আসামিকে পিটিয়ে হত্যা
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থানীয়দের ‘গণ পিটুনিতে’ এক ব্যক্তি নিহত হয়েছে। উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত মো. ইরান (৪৫) মুরাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ইরান ‘পেশাদার মাদক কারবারি’ ছিলেন এবং তার বিরুদ্ধে মাদকের মামলাও দায়ের আছে বলে পুলিশের ভাষ্য। সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘গত এপ্রিল মাসে একজনকে ও ১৯ জুলাই ইরান তার এক সহযোগীকে পিটিয়ে খুন করে। এর জেরে স্থানীয়রা তাকে পিটিয়ে মেরেছে।’ ইরান ‘পেশাদার মাদক কারবারি’ জানিয়ে ওসি বলেন, ‘মাদক ব্যবসার বিরোধে ইরান গত ১৯ জুলাই নাঈম নামে তার এক সহযোগীকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করে।’ নাঈমকে মারধরের বিষয়টি তার পরিবার গোপন রেখেছিল। গত শনিবার মারা যাওয়ার পর তার বাবা ইরানকে অভিযুক্ত করে মামলা করেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। আমরা গতকাল ইরানকে ধরতে অভিযান করেছিলাম। তার আগে স্থানীয় লোকজন বাদশা ও আলতাফ নামে ইরানের দুই সহযোগীকে পিটুনি দিয়েছিল। তাদের উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করাই। ওসি মহিনুল বলেন, আমাদের ধারণা পুলিশ এলাকা থেকে চলে আসার পর ইরান এলাকায় গিয়েছিল।
