কেকেবিএইউ’র আইএসএলএম বিভাগের উদ্যোগে অভিভাবক সমাবেশ
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

গত শনিবার সকাল ১০টায় খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে ‘অভিভাবক সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। তিনি বলেন, যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের গুণগত মানোন্নয়নে অভিভাবকদের মতামত ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, বিভিন্ন সুবিধা-অসুবিধা এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বাইরের সময়, বিশেষত বাসায় তাদের লেখাপড়ার পরিবেশ ও অগ্রগতির বিষয়ে অভিভাবকদের নিবিড় তদারকি ও সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, অভিভাবকরা তাদের মূল্যবান মতামত ও গঠনমূলক পরামর্শের মাধ্যমে শিক্ষার্থীদের উন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলাবোধ এবং ভবিষ্যৎ কর্মজীবনে সফলতা অর্জনের ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বিত ভূমিকা অপরিহার্য। শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা এবং আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এ ধরনের অভিভাবক সমাবেশ নিয়মিত আয়োজনের জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
