বুয়েটের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক শরীফুল ইসলাম
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম। গত শনিবার তিনি দায়িত্বভার গ্রহণ করেন। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী তাকে আগামী চার বছরের জন্য উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বুয়েটের ৪র্থ উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম ১৯৯৭ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং একই বছর তিনি বুয়েটের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বিভিন্ন ধাপ অতিক্রম করে ২০১৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন। বর্তমানে তিনি বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (রাইজ) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০২ সালে জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয় পিএইচডি ডিগ্রি অর্জনের পর একই বিশ্ববিদ্যালয়ে দুই বছর পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন তিনি। কুমিল্লার কোটবাড়ি এলাকায় জন্ম নেওয়া অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম ছাত্রজীবনেও কৃতিত্বের স্বাক্ষর রাখেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
