ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুস্মিতা চক্রবর্তী গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান এবং অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়ের বিষয় নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। অধ্যাপক ড. সুস্মিতা চক্রবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের পাঠ্যক্রম উন্নয়ন ও সিলেবাস আধুনিকায়নের ক্ষেত্রে সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেন। উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
