জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন সমাজ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। গত বুধবার সন্ধ্যায় ফজলুল হক মুসলিম হলের টিভি রুমে ‘জুলাই’২৪ গণ-অভ্যুত্থান স্মৃতির স্মরণে’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আবাসিক শিক্ষক অধ্যাপক ড. শেখ জহির রায়হান, হল সংসদের ভিপি খন্দকার মো. আবু নাঈম, জিএস ইমামুল হাসান, পাঠকক্ষ সম্পাদক মো. তায়েফ হোসেন ভূঁইয়া, হল শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মো. আবিদ হাসনাত ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিএম ফাহিম শাহরিয়ার দীপ্ত বক্তব্য রাখেন। ‘জুলাই’২৪ স্মরণসভা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আল আমীন সিকদার অনুষ্ঠান সঞ্চালন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি