তিন সপ্তাহ ধরে নিখোঁজ ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিলেট প্রতিনিধি

প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিন (২৬)। নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও তার কোনো সন্ধান মিলছে না। গত শনিবার ছেলের সন্ধানের দাবিতে সিলেটের একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করেছেন জেলিনের মা ফরিদা ইয়াসমীন। নিখোঁজ আরিফুল্লাহ জেলিনের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার শীতলপুর গ্রামে। এসময় তিনি অভিযোগ করেন, থানায় দায়ের করা জিডির তথ্যের সঙ্গে তার জানা ঘটনার অসংগতি রয়েছে। এ অবস্থায় বিষয়টি গভীরভাবে তদন্তের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে জেলিনের মা ফরিদা ইয়াসমীন বলেন, গত ৮ জুলাই সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের বিমানবন্দর আবাসিক এলাকার জি-টাইপ কোয়ার্টার থেকে আরিফুল্লাহ জেলিন নিখোঁজ হন।