সানি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৪২ বার পেছাল
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমার দিন পিছিয়ে আগামী ৬ সেপ্টেম্বর রেখেছে আদালত। প্রতিবেদন জমা দিতে ৪২ বার সময় নিয়েছে এই তদন্ত সংস্থা। মামলার প্রতিবেদন জমার দিন ধার্য ছিল সোমবার। তবে এ দিন মামলার তদন্ত কর্মকর্তা কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মশিউর রহমান প্রতিবেদন দিতে পারেননি। এ জন্য ঢাকার এডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান প্রতিবেদনের নতুন এ দিন ধার্য করেন। প্রসিকিউশন বিভাগের এএসআই মুনিয়া আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। ২০২২ সালের ১৪ জুলাই বিকেলে ঢাকা জেলার দোহার থানাধীন মৈনট ঘাটে ১৫ জন বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ হয় বুয়েট শিক্ষার্থী তারিকুজ্জামান সানি।
