রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল কোটি টাকা

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

জেলায় বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের হাতে এক কোটি তিন লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ রংপুর সার্কেলে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। রংপুর জেলায় বিভিন্ন সময় সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের ২৫টি পরিবারের জন্য বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড মোট এক কোটি ৩ লাখ টাকার আর্থিক সহায়তা মঞ্জুর করেছে। সেই সহায়তার চেক আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হলো। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট খ্রীষ্টফার রিসেল হিমেল, বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) শফিকুল আলম সরকার এবং রংপুর জেলা সড়ক পরিবহণ বাস মালিক সমিতির নেতারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করতে এ ধরনের আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলা এবং সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।