ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে অস্ট্রেলিয়ান প্রতিনিধি দলের সাক্ষাৎ
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশের উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন, উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশকে একটি আকর্ষণীয় শিক্ষা গন্তব্য হিসেবে গড়ে তুলতে বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। গত সোমবার ইউজিসি কার্যালয়ে অস্ট্রেলিয়ার অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার ফর সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড মাল্টিকালচারাল অ্যাফেয়ার্স জুলিয়ান হিলের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ইউজিসি চেয়ারম্যান এ আগ্রহের কথা জানান। বৈঠকে অস্ট্রেলীয় প্রতিনিধি দল জানায়, বর্তমানে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তারা বলেন, বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর ব্রাঞ্চ ক্যাম্পাস বা স্টাডি সেন্টার প্রতিষ্ঠা করা গেলে শিক্ষার্থীরা তুলনামূলক কম খরচে দেশেই আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
