বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গৌরবের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

গতকাল শনিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর গৌরবের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা হয়। বারির মহাপরিচালক ড. মো. মন্জুরুল কাদির প্রধান কার্যালয়ের সামনে সব বিজ্ঞনী, কর্র্মকতা, কর্মচারী ও শ্রমিকদের অংশগ্রহণে কেক কেটে ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা করেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) দেশের সর্ববৃহৎ বহুবিধ ফসল গবেষণা প্রতিষ্ঠান। দেশের সার্বিক কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জন, কৃষকের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অত্র প্রতিষ্ঠান বিভিন্ন প্রকার দানা জাতীয় শস্য, কন্দাল ফসল, ডাল, তেল ফসল, সবজি, ফল, ফুলসহ প্রায় ২১২টি ফসলের ওপর গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বারির বিজ্ঞানীরা এ পর্যন্ত বিভিন্ন ফসলের ৬৮১টি উচ্চ ফলনশীল (হাইব্রিডসহ), রোগ প্রতিরোধ সক্ষম ও বিভিন্ন প্রতিকূল পরিবেশে চাষোপযোগী জাত এবং ৬৯২টি অন্যান্য উৎপাদন প্রযুক্তিসহ এযাবৎ মোট ১,৩৭৩টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এসব প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে তেলবীজ, ডালশস্য, আলু, সবজি, মসলা এবং ফলের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
