‘জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না’

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া (দিপু) বলেছেন, জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ নতুন পথচলার সুযোগ পেয়েছে। তাদের আত্মত্যাগ কখনও বৃথা যেতে দেওয়া হবে না। শহিদদের পরিবারের পাশে বিএনপি সবসময় থাকবে এবং তাদের অবদান দল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত বিজয় র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোস্তাফিজুর রহমান ভুঁইয়া বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি সংগঠিত ও ঐক্যবদ্ধ থেকেছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এই অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে। শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করার পেছনে আন্দোলনে অংশ নেওয়া সাধারণ মানুষ এবং বিএনপির নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি বলেন, বিজয় র‍্যালির মাধ্যমে দেশবাসীর সামনে বিএনপির সাংগঠনিক শক্তি, ঐক্য ও শৃঙ্খলার বার্তা তুলে ধরা হবে। একই সঙ্গে নেতা-কর্মীদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। জুলাই আন্দোলনের শহিদদের স্মরণ করে দিপু বলেন, যাদের রক্তের বিনিময়ে দেশ নতুনভাবে ফিরে পাওয়া গেছে, তাদের পরিবারের পাশে বিএনপি সবসময় থাকবে। শহিদ পরিবারের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো দলীয় নেতা-কর্মীদের নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশকে একটি স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। দীর্ঘ ১৭ বছরে ব্যাংক, বীমাসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব খাত পুনর্গঠনে সময় লাগলেও সরকার সে লক্ষ্যেই কাজ করছে। দেশের উন্নয়ন ও পুনর্গঠনে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করছেন। তার নেতৃত্বে বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে। জুলাই আন্দোলনে নিহত ব্যক্তিদের হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে এমপি দিপু বলেন, গণহত্যার বিচার হওয়া প্রয়োজন। কারণ, অতীতে বিরোধী দলের নেতা-কর্মীদের গুম, হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে।