আনসারের অভিযানে খুলনা মেডিকেলে চোর আটক, পুলিশে সোপর্দ
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল ফোন চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের নিকট সোপর্দ করা হয়। গতকাল শুক্রবার সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ১ নম্বর জরুরি বিভাগের সামনে চিকিৎসা নিতে আসা এক রোগীর মোবাইল ফোন চুরি করে পালিয়ে যাওয়ার সময় ভুক্তভোগীর চিৎকারে দায়িত্বরত আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ সময় এপিসি মো. আলমগীর হোসেন এবং আনসার সদস্য মো. নয়ন মণ্ডল ধাওয়া করে মো. আরিফুল ইসলাম (৩০)-কে চুরি করা মোবাইল ফোনসহ আটক করেন। পরবর্তীতে উদ্ধারকৃত মোবাইল ফোনটি শনাক্তক্রমে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। সরকারি হাসপাতালসমূহে নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ এবং সেবাগ্রহীতাদের নিরাপদ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে আসছেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
