বরিশালে নতুন পুলিশ কমিশনারের মতবিনিময়

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ’র যোগদান উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা ও পুলিশের সঙ্গে গণমাধ্যমের সমন্বয় নিয়ে আলোচনা হয়।

মিট দ্য প্রেসে সাংবাদিকরা বরিশাল নগরীর সার্বিক নিরাপত্তা, মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, যানজট নিরসন, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং সাধারণ মানুষের পুলিশি সেবা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণকে ঘিরে সংশ্লিষ্ট মহলে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি, অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ এবং জনবান্ধব পুলিশিং জোরদারের প্রত্যাশা জেগে উঠেছে। স্থানীয় গণমাধ্যমকর্মীরাও পুলিশের কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। মিট দ্য প্রেসে বিএমপি’র ঊর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কমিশনারের সঙ্গে বরিশালের গণমাধ্যমকর্মীদের আনুষ্ঠানিক মতবিনিময়ের সূচনা হয়।

সম্প্রতি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে আবু রায়হান মুহাম্মদ সালেহকে নিয়োগ দেয়া হয়। গত ৫ আগস্ট তিনি পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন। এরআগে তিনি পুলিশ সদর দপ্তরে ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি অতীতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।